ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার অজুহাতে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার ছয় ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়। অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশি পেঁয়াজ ৫৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় ও ভারতের পেঁয়াজ ৪৬ টাকায় কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা।
জেলার কাঁচাবাজারের সবচেয়ে বড় আড়ত পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর জেলা শহরের নতুন বাজারে অভিযান চালিয়ে একই অভিযোগে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩ হাজার ও সাদুল্লাপুর উপজেলার প্রধান কাঁচাবাজারের আড়ত সাদুল্লাপুর বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
