ঝিনাইদহ শহরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান হত্যা মামলায় স্থানীয় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ওই কিশোররা জানায়, নিহত নুরুজ্জামানের সঙ্গে সমকামিতার সম্পর্ক ছিল তাদের। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের হামদহ দাসপাড়ায় নিজ বাড়িতে খুন হন নুরুজ্জামান। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন নিহতের স্ত্রী।
পুলিশ সুপার জানান, দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে রবিবার প্রথমে এক কিশোরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতে সদর উপজেলার রতনহাট ও শহরের হামদহ এলাকা থেকে বাকি দুজনকে আটক করা হয়। গত সোমবার নুরুজ্জামানকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামিরা।
