শ্রীলঙ্কা সিরিজ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা এখনো নিরসন হয়নি। বাংলাদেশের সফরটি তাই নির্ধারিত সময়ে হবে কিনা সে নিয়ে নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। তবে পূর্বপরিকল্পনা অনুযায়ীই সফরের সব প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) জবাবের জন্য অপেক্ষায় দেশের ক্রিকেটে অভিভাবক সংস্থা।
‘আমরা ওদের ই-মেইলের অপেক্ষায় আছি। এখনো পাইনি, আশা করি কয়েকদিনের মধ্যে জানতে পারব।’- বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসের শেষ দিকেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা টাইগারদের। কিন্তু সফর নিয়ে সম্প্রতি যে স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে লঙ্কান বোর্ড তা নিয়ে আপত্তি জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তো সরাসরি বলেছেন, ‘ওরা যে শর্তাবলি দিয়েছে এটা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব নয়।’
বিসিবি নিজেদের চাওয়ার কথা লঙ্কান বোর্ডকে জানিয়েছে। ‘আমরা বলেছি, কোয়ারেন্টাইনের মেয়াদ কমাতে হবে ও আমাদের অনুশীলনের সুযোগ থাকতে হবে। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ বলেন জালাল ইউনুস।
এদিকে বাংলাদেশকে সফরে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে লঙ্কান বোর্ড। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশের জন্য স্বাস্থ্যবিধি শিথিল করতে নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে এলএসসি।
জালাল ইউনুস এ ক্ষেত্রে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বাস্তবতার কথাটা স্বীকার করলেন। বলেন, ‘আপনারা জানেন যে তাদের (শ্রীলঙ্কার) একটা টাস্ক ফোর্স আছে, যারা কভিড-১৯ নিয়ন্ত্রণ করছে। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তারা জানলে পরে আমরা জানতে পারব। এখান থেকে চাপ দিলেও কাজ হবে না। তারা নিজেরাই জানাবে আমাদের। সেই অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিন দিনের মধ্যে আসতে পারে।’
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত জানাতে দেরি করলে ভিন্ন কিছু ভাবার ইঙ্গিত দিলেন জালাল ইউনুস। বলেন, ‘আমরা প্রস্তুত। আগে যেরকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল, সেরকম প্রস্তুতিই আমরা নিয়ে রেখেছি। ইতিবাচক কোনো উত্তর এলে আমরা এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিতে পারব। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। দুই-একদিন হয়তো এদিক সেদিক হতে পারে। বেশি দেরি করলে আবার আমাদের হয়তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’
