নারায়ণগঞ্জে মসজিদে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন।
শুক্রবার জুম্মার নামাজের পূর্বে শহরের ২ নম্বর বাবুরাইল আজমেরী লেনের বায়তুল ফালাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টায় মসজিদের অজু খানার কাজ চলাকালে হঠাৎ পানির লাইন বন্ধ হয়ে যাওয়ায় রড দিয়ে মেরামতের চেষ্টা করছিলেন মিস্ত্রি মনির হোসেন। রডের অপর প্রান্ত মসজিদের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন মাওলানা সোলায়মান (৩৮) আহত হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমারের সাথে রড লেগে স্পার্ক করে ঘটনাস্থলে একজন নিহত এবং মোয়াজ্জিন আহত হয়েছেন। মোয়াজ্জিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
