রংপুরে দুই বোনের রহস্যময় মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৮ পিএম

রংপুরের মধ্য গণেশপুর এলাকায় দুই বোনের রহস্যময় মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিহত জান্নাতুল মাওয়ার পিতা মমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার গণেশপুর এলাকা থেকে সোমাইয়া আক্তার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ মেঝে পরে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার মোটিভ জানার চেষ্টা করছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ইতিমধ্যে ক্রাইম সিন থেকে আলামত জব্দসহ তাদের আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা বেশ কয়েকটি দিক বিবেচনা করা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি।

এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেককেই নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

শিগগিরই মূল ঘটনা উদ্‌ঘাটন করে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত