রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান

চুরি হচ্ছে ফুটপাতের পাইপ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:২৪ এএম

রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনের ফুটপাতে বসানো স্টেইনলেস স্টিলের (এসএস স্টিল) পাইপ ‘চুরি’ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পথচারী, পার্কে ভ্রমণকারী, পরিবহন শ্রমিকরা বলছেন, ‘মাদকসেবী ও টোকাইরা পাইপগুলো রাতের আঁধারে চুরি করে ভাঙ্গারির দোকানে বিক্রি করছে।’

গত বছরের পহেলা বৈশাখে রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীদের শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাস্তায় পাইপগুলো বসায়। এ কাজের পাশাপাশি পাইপগুলো ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানোও রোধ করে।

আব্দুল মান্নান নামে এক প্রাতর্ভ্রমণকারী জানান, পাইপের ভাঙা অংশ লেগে তার পা কেটে গেছে। তিনি বলেন, ‘পাইপগুলোর খেয়াল না রাখলে রাস্তায় ব্যবহার করে লাভ কী! কয়েকটা আছে, কয়েকটা নেই। দ্রুত হাঁটতে গেলে কী এসবে খেয়াল রাখতে পারি? আমার না হয় পা কাটছে, অন্য কারও আরও বড় দুর্ঘটনাও তো হতে পারে।’ সাবিনা জান্নাত নামে এক পথচারী বলেন, ‘করোনা মহামারী বিধায় এখন রাস্তায় মানুষ কম চলাচল করে। তাই এগুলো না থাকায় তেমন সমস্যা হচ্ছে না। কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এ পাইপগুলো না থাকায় আমাদের চলাচলে সমস্যা হবে।’

আরেক পথচারী আরিফ চৌধুরী বলেন, ‘পাইপগুলো তো হুট করেই নেওয়া যায় না। ভাঙতেও তো সময় লাগে, নাকি? দেখার কেউ নেই বিধায়ই চোরেরা এগুলো নিতে পারছে। তাছাড়া রাতে তো আলো থাকে রাস্তায়। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের উচিত এগুলোর দিকে নজর দেওয়া।’

এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, পহেলা বৈশাখের মতো উৎসবের সময় পার্কে শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশের জন্য পাইপগুলো বসানো হয়েছিল। কে বা কারা রাতের আঁধারে সেগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। এগুলো ভেঙে নেওয়া ও ভাঙ্গারি দোকানে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। পার্কে দায়িত্বরত আনসার সদস্যদের এ বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত