করোনা পরিস্থিতির সুযোগে তুরাগসহ বিভিন্ন নদী ও পাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেছেন, ‘নদী দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দখলকারী যত শক্তিশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।’
গতকাল রবিবার দুপুরে সাভারের আমিন বাজারে তুরাগ নদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মুজিবুর রহমান।
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে গড়ে ওঠা ৫০ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী ও খাল দখল করে যারা অবৈধ হাউজিং ব্যবসা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকার বিভিন্ন নদীর গতি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
পরে এনআরসিসি চেয়ারম্যান তুরাগ নদের গাবতলী ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
