প্রতিকূল আবহাওয়ায় সাগরে ডুবেছে লাইটারেজ জাহাজ, ১৩ নাবিক উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৮ পিএম

বিরূপ আবহাওয়ার কারণে ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটারেজ জাহাজ। জাহাজটির ১৩ নাবিককে উদ্ধার করেছে একই পথে গমনকারী অপর দু‘টি জাহাজ। সোমবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) এর উপ-পরিচালক মো. সেলিম দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে ‘টিটু-১৯’ নামে একটি লাইটারেজ জাহাজ মুন্সীগঞ্জ যাচ্ছিল। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে জাহাজটির তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নবী আলম জানান, সকাল ১১টায় লাইটারেজ জাহাজ ডুবির খবর পেয়ে আমরা ওই পথে যাওয়া একটি খালি অয়েল ট্যাংকার ও একটি লাইটারেজ জাহাজকে টিটু-১৯ এর নাবিকদের উদ্ধারের অনুরোধ জানাই। এরপর জাহাজ দু‘টি মোট ১৩জন নাবিককে উদ্ধার করে।

তিনি জানান, ডুবে যাওয়া জাহাজটি শিল্প গ্রুপ আবুল খায়ের গ্রুপের। গত বছর আগষ্ট মাসে একই কোম্পানীর আরেকটি লাইটারেজ জাহাজ একই জায়গায় দুর্ঘটনায় পড়েছিল।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ডুবে জাহাজের কারণে ওই রুটে অন্যান্য জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত