গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষায় জমি দান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৪ এএম

গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষায় সরকারকে ২৬ শতাংশ জমি দান করেছেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের ড. মো. লতিফুর রহমান সরকার।

গতকাল সোমবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হাতে এই জমির দলিল হস্তান্তর করেন তিনি। ড. মো. লতিফুর রহমান সরকার সাবেক এমপিএ ও মুক্তিযোদ্ধা আজিজার রহমান সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, ১৯৭০ সালের অক্টোবরে নির্বাচনী সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবেক এমপিএ আজিজার রহমান সরকারের বাড়িতে এসেছিলেন। এ সময় বঙ্গবন্ধু সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদের মাঠে কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন এবং বরিশাল ইউপি ভবন, দাতব্য চিকিৎসালয়, কমিউনিটি সেন্টার, রাসায়নিক সার ও কীটনাশকের গুদাম পরিদর্শন করেন। আর তাই ঐতিহাসিক এই জায়গাটিকে সংরক্ষণ করে জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন ওই ইউনিয়নের মানুষ। কিন্তু অজ্ঞতাবশত এই জায়গাটি ৯টি পরিবারকে লিজ দেওয়া হয়। তাই এই লিজ বাতিল করে দান করা এই ২৬ শতাংশ জমি ওই লিজগ্রহীতাদের নতুন করে লিজ দেওয়া হবে।

এ বিষয়ে লতিফুর রহমান সরকার বলেন, ‘বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদের ঐতিহাসিক জায়গাটি সংরক্ষণ করে স্বাস্থ্যসেবা বা জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি প্রায় ১৫ লাখ টাকা দামের ২৬ শতাংশ জমি দান করেছি। আমি চাই সুষ্ঠুভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হোক।’

জমির দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বরিশাল ইউপির সাবেক চেয়ারম্যান গোপাল চন্দ্র তালুকদার ও সৈয়দ মাহমুদুল হক, সমাজসেবক রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান সরকার, সাজেদুর রহমান সরকার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত