সদ্যপ্রয়াত হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কট‚ক্তি করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ।
মঙ্গলবার এ ঘটনায় গ্রেপ্তার আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন তার সমর্থকরা। একই দিন দুপুরে ফতুল্লায় এক অনুষ্ঠানে জিহাদীর শাস্তি দাবি করেন জেলা হেফাজত আমির মাওলানা আবদুল আউয়াল।
গত রবিবার সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ। শফীকে নিয়ে ফেইসবুকে কট‚ক্তিমূলক পোস্ট দেওয়ায় অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দেওভোগ মাদ্রাসার খতিব হারুন-উর-রশিদ।
তবে আহলে সুন্নাত নেতাদের দাবি, কয়েক দিন আগে ফেইসবুক আইডি হ্যাক হলে জিহাদী ফতুল্লা থানায় জিডি করেন। ওই আইডি থেকে কে বা কারা নারায়ণগঞ্জকে উত্তপ্ত করার জন্য আল্লামা শফীর নামে অশালীন মন্তব্য করেছে।
মঙ্গলবার প্রেস ক্লাবে মানববন্ধন করে মিছিল নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা। আসার পথে চাঁনমারী এলাকায় লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন।
বক্তারা বলেন, জিহাদীর ফেইসবুক আইডি হ্যাক হয়েছিল। এরপরই হ্যাকাররা শফীকে নিয়ে কুরুচিপূর্ণ ওই পোস্ট দেয়। হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে জিহাদীকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আমরা বৃহৎ আন্দোলন করব। প্রয়োজনে আমরা রাজপথে রক্ত ঢেলে দেব।’
এদিকে মঙ্গলবার দুপুরে পঞ্চবটি আকবর কনভেনশন সেন্টারে আহমদ শফী ও মসজিদে বিস্ফোরণে নিহতের স্মরণে দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমির বলেন, ‘মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে সমালোচনা করা ঠিক নয়। আল্লামা শফীর মৃত্যুর পর জিহাদী ফেইসবুকে তাকে নিয়ে কট‚ক্তি করেছেন। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে তাকে বিচারের মুখোমুখি করার।’ এ সময় দুর্ঘটনাকবলিত মসজিদ খুলে দেওয়ারও দাবি জানান তিনি।
