স্বামী বা পিতা-মাতার সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের যথাযথ অধিকার নিশ্চিতে আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও ধর্ম সচিবকে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা। তিনি জানান, বাবা কিংবা পিতা-মাতার সম্পত্তিতে হিন্দু এবং বৌদ্ধ নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিক হওয়ার সুযোগ তাদের নেই। শুধু হিন্দু বিধবা নারী তার মৃত স্বামীর সম্পত্তিতে জীবনস্বত্বে অধিকার পায়।
তনয় সাহা বলেন, সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের কথা বলা আছে। এছাড়া বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক কনভেনশনের সদস্য। ওইসব কনভেনশনে যেহেতু বাংলাদেশ স্বাক্ষর করেছে তাই কনভেনশনের শর্তগুলো পালন করার বাধ্যবাধকতা রয়েছে। এসব যুক্তিতে এ আইনি নোটিস পাঠানো হয়েছে।
