করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কোচ ডেভিড ময়েস এবং দুই খেলোয়াড় ইসা দিয়োপ ও জশ কুলেনের শরীরে।
মঙ্গলবার সন্ধ্যায় লিগ কাপের ম্যাচের তৃতীয় রাউন্ডের ম্যাচে হাল সিটির মুখোমুখি হওয়ার আগে কোচ ও দুই খেলোয়াড়ের খবর আসে ওয়েস্টহ্যাম শিবিরে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “ওয়েস্টহ্যাম ইউনাইটেড নিশ্চিত হতে পরেছে যে, কোচ ডেভিড ময়েস, খেলোয়াড় ইসা দিয়োপ ও জশ কুলেনের কভিড-১৯ টেস্টের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হাল সিটির বিপক্ষে মাঠে নামার আগে ময়েস ও খেলোয়াড় দুজনকে সরিয়ে নেওয়া হয়। তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
করোনায় আক্রান্ত হলেও কোনো লক্ষণ নেই। তারা ইংল্যান্ডের জনস্বাস্থ্য আইন এবং প্রিমিয়ার লিগের নির্দেশনা ও প্রটোকল মেনে চলছেন।”
ময়েস করোনায় আক্রান্ত হওয়ায় হাল সিটি’র বিপক্ষে ওয়েস্ট হ্যামের কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ অ্যালান ইরভাইন। ম্যাচটিতে ৫-১ গোলের জয় পেয়েছে ওয়েস্টহ্যাম। জোড়া গোল করেন সেবাস্তিয়ান হলের ও অ্যান্ড্রি আরমোলেনকো।
