পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যাত্রা শুরু হচ্ছে প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের নামে নতুন একটি স্টুডিও থিয়েটার মিলনায়তন। আগামীকাল শনিবার সৈয়দ হকের চতুর্থ প্রয়াণ দিবস। এর আগে আজ শুক্রবার নাট্যোৎসবের মাধ্যমে মিলনায়তনটির উদ্বোধন করবেন আসাদুজ্জামান নূর। যৌথভাবে নাট্যোৎসব আয়োজন করেছে মৈত্রী ও শৌখিন থিয়েটার।
স্টুডিও থিয়েটার ও নাট্যোৎসবের আয়োজকরা জানান, লক্ষ্মীবাজারের ১ নম্বর বাড়িটি ছিল প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের। জীবনের দীর্ঘ সময় এখানেই কেটেছে তার। এর পাশের ২ ও ৩ নম্বর বাড়িতে এই স্টুডিও থিয়েটার। যার জন্য মিলনায়তনটির নামকরণ প্রয়াত এই সাহিত্যিকের নামে করা হয়েছে।
সৈয়দ শামসুল হক মিলনায়তনে দুদিনের নাট্যোৎসবের প্রথম সন্ধ্যায় আজ শুক্রবার মঞ্চায়িত হবে হামিদুর রহমান পাপ্পু নির্দেশিত এবং মনোজ মিত্র রচিত নাটক ‘প্রভাত ফিরে এসো’। নাটকের প্রদর্শনীর পর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও রয়েছে। নাট্যোৎসবের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় নিয়াজ আহমেদ নির্দেশিত এবং রমানাথ রায়ের গল্প অবলম্বনে নাটক ‘চা অথবা কফি’ মঞ্চায়িত হবে। এরপর শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করবে রওশন জান্নাত রুশনী রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত নাটক ‘বীরাঙ্গনার বয়ান’। নাট্যোৎসবে টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
