ওমর খালিদের মুক্তি চেয়ে চমস্কি-অরুন্ধতীদের বিবৃতি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৯ পিএম

ভারতের দিল্লির সহিংসতার ঘটনায় গ্রেপ্তার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) বিরোধী আন্দোলনের অন্যতম মুখ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ওমর খালিদের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন দুই শতাধিক শিক্ষাবিদ, লেখক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- নোয়াম চমস্কি, মীরা নায়ার, অমিতাভ ঘোষ, সালমান রুশদি, অরুন্ধতী রায়, রত্না পাঠক শাহ, পি সাইনাথেরা প্রমুখ।

উত্তর-পশ্চিম দিল্লিতে বিজেপি সমর্থিতদের হামলার মামলার চার্জশিটে ওমর খালিদসহ সিএএ এবং এনআরসি-বিরোধী আন্দোলনের অনেক নেতাকেই আসামি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। খালিদের বিরুদ্ধে দমনমূলক ইউএপিএ-র ধারাও আনা হয়েছে।

আনন্দবাজার জানায়, খালিদকে ২২ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জেলের মধ্যে তার ওপরে হামলা হতে পারে আশঙ্কা করে খালিদের জন্য সেখানে পর্যাপ্ত সুরক্ষার আরজি জানিয়েছেন তার আইনজীবী।

সহিংসতায় মদদদাতা হিসেবে কংগ্রেসের সালমান খুরশিদ, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাট, সিপিআই (এমএল) নেত্রী কবিতা কৃষ্ণন, ছাত্রনেতা কাওয়ালপ্রীত কৌর, বিজ্ঞানী গওহর রেজা, আইনজীবী প্রশান্ত ভূষণের নামও চার্জশিটে রাখা হয়েছে।

বিবৃতিতে বিশিষ্টজনরা বলেছেন, ‘নাগরিকদের সমানাধিকার লঙ্ঘনকারী এনআরসি এবং সিএএ-র বিরোধিতা করার জন্যই দিল্লি পুলিশ ওমর খালিদকে দাঙ্গায় উস্কানির মতো মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। সরকারের উচিত অবিলম্বে তাকে মুক্তি দেওয়া। এই কাজ করে দিল্লি পুলিশ তাদের সাংবিধানিক শপথও ভঙ্গ করেছে।’

এদিকে বিজেপির সাম্প্রদায়িক হামলার ঘটনার যে চার্জশিট দিল্লি পুলিশ দিয়েছে, তাকে প্রতারণাপত্র বা ‘চিটশিট’ আখ্যা দিয়েছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। এই চার্জশিটে ‘উত্তেজক বক্তৃতা’ দেওয়ার জন্য অনেকের সঙ্গে তার নামও রাখা হয়েছে।

বৃন্দা বলেন, “নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের প্রতিবাদ করলেন যারা, তাদের দেশদ্রোহী, দাঙ্গাবাজ বলে অভিযুক্ত করছে দিল্লি পুলিশ। আর কপিল মিশ্রের মতো যে সব নেতা হিংসাত্মক বক্তৃতা দিয়ে উত্তেজনা ছড়ালেন, তাদের ‘হুইস্‌লব্লোয়ার’ বলে আড়াল করল পুলিশ। এটা চার্জশিট নয়, চিটশিট!’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত