কুড়িগ্রামে সৈয়দ হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৯ পিএম

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৈরী আবহাওয়ায় রোববার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, উত্তরবঙ্গ জাদুঘরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা। পরে সেখানে কবির আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কবির বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতি চারণ করেন। তারা বলেন, কবির নাটক, সংগীত, উপন্যাস ও গল্প বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। গুণী এ কবির সমাধি সৌধ ৪ বছরেও নির্মিত না হওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেন।

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. রেজাউল করিম, আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের উপাধক্ষ্য মির্জা নাসির উদ্দিন, সাংবাদিক সফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রামের সহসভাপতি ইমতে আহসান শিলু, এ্যাডভোকেট প্রদীপ কুমার রায় প্রমুখ।

এ ছাড়া কবির পরিবার মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন তার জন্ম শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের পাশে সমাহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত