জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে নোয়াখালীর হাতিয়া উপকূলে মেঘনা নদী থেকে ১০০ জন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রবিবার বিকেলে ওই ট্রলারের যাত্রী আবদুর রহমান ট্রিপল নাইনে ফোন করেন। তিনি জানান, তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নারী শিশুসহ প্রায় ১০০ জন যাত্রী হাতিয়া থেকে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন। মাঝ নদীতে তাদের ট্রলারটি বিকল হয়ে যায়।
তিনি আরও জানান, নদীতে তখন প্রচণ্ড স্রোত ছিল ও তীব্র বাতাস বইছিল। বিকল ট্রলারটি নদীর উত্তাল ঢেউয়ে ভেসে চলে যাচ্ছিল। আবদুর রহমান তাদের উদ্ধারের জন্য অনুরোধ করেন।
ট্রিপল নাইন কর্তৃপক্ষ বিষয়টি নোয়াখালী জেলা পুলিশকে অবহিত করে। পরে নোয়াখালীর হাতিয়া থানা-পুলিশের দল একটি উদ্ধারকারী ট্রলার নিয়ে ঘটনাস্থলে যায়। তারা বিকল ট্রলারটি থেকে নারী শিশুসহ প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।
বিকল ট্রলারটি উদ্ধারকারী ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নিয়ে আসা হয়েছে।
