চট্টগ্রামে বেড়াতে আসা ফেনীর এক স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ মামলার মূল আসামি চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চান্দু মিয়ার (৩৫) বাসা ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়ায়।
এ মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হল।
ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম জানান, চান্দু পতেঙ্গা এলাকায় খালার বাসায় আত্মগোপন করে ছিলেন। রাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত রবিবার রাতে ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ায় ধর্ষণের শিকার হন অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রী।
ভুক্তভোগী জানান, কিছুদিন আগে ফেনী থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন ওই তরুণী। অভিযুক্ত নূরী আক্তার তার চাচাতো বোনের পূর্বপরিচিত। সেই সূত্রে নূরী বেগমের সঙ্গে সুপারিওয়ালা পাড়ায় বেড়াতে যান ওই তরুণী। এরপর কৌশলে তাকে বাড়ির মালিক চান্দু মিয়ার বাসায় রেখে সটকে পড়ে নূরী। এরপর চান্দু ওই তরুণীকে ধর্ষণ করে।
এ ঘটনায় আগের গ্রেপ্তাররা হলেন- নুরী আক্তার (২০), তার স্বামী মোহাম্মদ অন্তর (২২) ও মো. রাজিব (২০)।
