পৃথক স্থান থেকে তিন কেজি সোনাসহ গ্রেপ্তার ২

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৫ এএম

ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী ও বেনাপোলের পাঁচভূলোট সীমান্ত থেকে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারের সময় তাদের থেকে ৩ কেজি ৭০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভারতে সোনার বড় একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার অনিত কুমার কুণ্ডের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালান। এ সময় ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ সাব্বির হোসেন (১৮) নামে একজনকে আটক করা হয়। সাব্বির সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হারুনার রশিদের ছেলে। জব্দ সোনার বাজারমূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। সাব্বিরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা।

যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, ভারতে সোনা পাচার হচ্ছে খবর পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের পাঁচভূলোট সীমান্তে অভিযান চালান। এ সময় দেড় কেজি ওজনের ১৩টি সোনার বারসহ বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী পপি খাতুনকে (২৫) গ্রেপ্তার করা হয়। জব্দ সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পপি স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। এ ঘটনায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত