‘মৃত্যুর বদলে প্রয়াণ’ শব্দের ব্যবহার সাংস্কৃতিক আগ্রাসনের উদাহরণ: রিজভী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০২ পিএম

মৃত্যুর বদলে প্রয়াণ, মরহুমের বদলে প্রয়াত শব্দের ব্যবহার সাংস্কৃতিক আগ্রাসনের উদাহরণ বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, এখন বলা হয় প্রয়াণ দিবস। আমরা ছোট বেলা থেকে শুনে এসেছি মৃত্যু দিবস। আমরা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কেউ মারা গেলে তাকে মরহুম বলে। এখন প্রয়াত বলা হয়। এটা খুব সুক্ষ্ণভাবে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো বিস্তার লাভ করাচ্ছে। কার স্বার্থে করছে তা নিশ্চয় জানেন?

রিজভী বলেন, কোন সংস্কৃতিকে অঙ্গীভূত করার জন্য এই সরকার এবং তাদের অনুগত সংস্কৃতিজীবী কলাম লেখকরা এই কাজটি করছে সেটা আপনারা স্পষ্টভাবে জানতে চান। ওরা আমাদের দীর্ঘদিনের যে সাংস্কৃতিক ঐতিহ্য এটাকে ধবংস করে, অন্য কোনো দেশের সাংস্কৃতিক অনুসঙ্গ বানাতে চান, এর অঙ্গীভূত বানাতে চান। সেই কারণে আজকে তারা এই কাজগুলো করছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সাংস্কৃতিক সংগ্রামের ওই পরজীবীদের যদি আমরা প্রতিহত করতে না পারি দেশের সার্বভৌমত্ব থাকবে না, স্বাধীনতা থাকবে না।

‘ইনডেমনিটি’ নামে নাটকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে করা একটি মামলা ঢাকার আদালতে খারিজ হওয়ার সমালোচনা করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে ‘জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে মিথ্যা কুৎসা রটনার জন্য নির্মিত নাটক ইনডেমনিটি গণমাধ্যমে প্রচারের প্রতিবাদে’ এই মানববন্ধন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত