আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনের মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতীয় দলে তার সতীর্থ রদ্রিগো ডি পল। জানিয়েছেন, ছয়বারের বর্ষসেরা এই ফুটবলারের জন্য সবকিছু করতে রাজি আছেন তিনি।
দুই বছর আগে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় রদ্রিগো ডি পলের। এখন নীল-সাদা জার্সিতে নিয়মিত হয়ে উঠেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এমনকি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির আস্থাও অর্জন করে ফেলেছেন।
তবে সবকিছুর জন্য মেসিকেই ধন্যবাদ জানালেন ডি পল। প্রিয় সতীর্থের প্রশংসায় তিনি বলেন, "মেসি অত্যন্ত স্বচ্ছ মনের মানুষ। আমি তার সঙ্গে সব কথা ভাগ করি।”
“ভালেন্সিয়াতে খেলার সময় মেসির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচের আগে অনেকক্ষণ কথা হয় মেসির সঙ্গে। তার মতো অধিনায়ককে জাতীয় দলে পাশে পেয়ে আমি ধন্য। মেসি যদি আমাকে যুদ্ধে যেতেও বলে তাও আমি রাজি আছি।”
আর্জেন্টিনার জাতীয় দলে মেসি অধিনায়ক হলেও তার সঙ্গে অনেক খুনসুটি করতে পারেন বলে রদ্রিগো ডি পল। তিনি মনে করেন, এভাবে সবার সঙ্গে সহজে মিশতে পারাটাই মেসির আরেকটা বড় গুণ।
