নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহীতে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট’ কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা এবং পরিশোধন করা হবে।
বৃহস্পতিবার মহানগরীর সিটি হাট এলাকায় কেন্দ্রীয় ডাম্পিং ইয়ার্ডের পাশে নির্মিত প্ল্যান্টটি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। রাসিক ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
উদ্বোধনের পর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, এতদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উৎপাদিত বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ ও পরিশোধনের কোনো ব্যবস্থা ছিল না। মেডিকেল বর্জ্য জনস্বার্থের জন্য ছিল হুমকিস্বরূপ। এজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে আমরা চুক্তি করি। প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্তদের এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক এর আওতার বাইরে থাকবে না। পরিচালনা ব্যয় নির্বাহে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক থেকে ন্যূনতম ফি আদায় করবে প্রিজম।
মেয়র আরও বলেন, বাসাবাড়ি থেকে উৎপাদিত কঠিন বর্জ্যকে জ¦ালানিতে রূপান্তরিত করতে প্রকল্প গ্রহণ ও আলাপ-আলোচনা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য সম্পদে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. এসএমএ মান্নান, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শাহ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনে ২০১৯ সালের ১৮ ফেব্রম্নয়ারি রাজশাহী সিটি করপোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী অবকাঠামো নির্মাণ করেছে প্রিজম। প্রিজম প্রশিড়্গিত ও দক্ষ কর্মীদের মাধ্যমে দুটি কাভার্ড গাড়িতে করে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে। এরপর ট্রিটমেন্ট প্ল্যান্টে অটোক্লেভিং, ইনসিনারেশন, রাসায়নিক জীবাণুমুক্তকরণ, ডিপ বারিয়াল পদ্ধতিতে বর্জ্য পরিশোধন করছে। এ ছাড়া ট্রিটমেন্ট প্ল্যান্টে সৃষ্টি বর্জ্যপানি পরিশোধন করা হচ্ছে।
