কয়েক দিন দাম কমতির দিকে থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বন্দরে আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। এক দিন আগেও বন্দরে প্রতি কেজি ৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১১০ থেকে ১২০ টাকা হয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। তবে কাঁচাপণ্যের দাম নির্ভর করে আমদানির ওপর, আমদানি কম হলে দাম বাড়বে আর আমদানি বাড়লে দাম কমবে। সম্প্রতি দেশের বাজারে বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় কাঁচামরিচের আমদানি বাড়িয়েছিলেন আমদানিকারকরা। এতে করে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়ায় পণ্যটির দাম কমতে শুরু করেছিল। তবে চাহিদা কমায় ও দাম কম পাওয়ায় এবং ভারতের বাজারেও বন্যার কারণে আবারও আমদানির পরিমাণ কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা। বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৭০ থেকে ১০০ টন কাঁচামরিচ আমদানি হলেও গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ১০ ট্রাকে ৩২ টন আমদানি হয়েছে।
