পাকিস্তানে কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষমতার পালাবদল হতে পারে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে এ জন্য জাতি ও দলীয় নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যে অবস্থান করা পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) এই নেতা গত বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে অনলাইনে যুক্ত থেকে এই আহ্বান জানান।
নওয়াজ বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তবে পরিবর্তন আনা মাত্র কয়েক সপ্তাহের বিষয়। আমি আমার নিজের দেশে দাসের মতো থাকতে চাইনি। আমি সম্মান ও গর্ব নিয়ে মুক্ত পাকিস্তানে থাকতে চাই। এ সময় রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে নওয়াজ বলেন, আমরা সর্বোচ্চ সহিষ্ণুতা দেখিয়েছি। শেষ পর্যন্ত কথা বলার সময় এসেছে। ২০১৮ সালে যারা নির্বাচনে জালিয়াতি করেছে তাদের জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে। তিনি বলেন, অযোগ্য ও অসমর্থ ইমরান খানকে যারা জাতির ওপর চাপিয়ে দিয়েছেন, তাদের অনুশোচনা করতে হবে।
গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলন হয়। এই সম্মেলনের আয়োজক ছিল দেশটির আরেক রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ওই সম্মেলনে নওয়াজ শরিফসহ বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা অংশ নেন।
