ঢাকা-৫ আসনে উপনির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার যা আমরা পাচ্ছি না। আজ আওয়ামী সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য মারপিট ও সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী ছাড়া আর কিছু নাই। জনগণ আমাদের সঙ্গে আছে, ধানের শীষের সঙ্গে আছে এবং খালেদা জিয়া, তারেক রহমানের সঙ্গে আছে।
শুক্রবার দুপুরে নির্বাচনী গণসংযোগ চলাকালে এক পথসভায় তিনি এসব বলেন।
এর আগে শুক্রবার বেলা ১১টায় দোলাইরপাড় ঢাল থেকে গণসংযোগ শুরু করে ৫০ নম্বর ওয়ার্ডের বটতলা হয়ে, দক্ষিণ যাত্রাবাড়ীর শেখপাড়া, নবীনগর, নতুন রাস্তা, শহীদ ফারুক সড়ক, ওয়াসা রোড, উত্তর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গেইটে এসে গণসংযোগ শেষ হয়।
সালাহউদ্দিন বলেন, এই এলাকার সার্বিক উন্নয়নে ছিলে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, দনিয়া বিশ্ববিদ্যালয়ে কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা কলেজ, লতিফ ভূঁইয়া কলেজ, এগুলো সব আমার হাতে গড়া।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি বলেন, দেশে গণতন্ত্র নাই, এই সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যদি সুষ্ঠু ভোট হয় তবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কয়েক শ নেতাকর্মী।
