চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নগরবাসীর নিরাপত্তায় মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রী ঘোষিত শূন্য সহনীয় নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ আহমদ তানভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতৎকালে তিনি এ আহ্বান জানান।
চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেন, করোনাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কর্মকর্তা ও সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবামূলক কার্যক্রম প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্তব্য পালনের মধ্য দিয়ে পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের ভিত্তি সুপ্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি পুলিশের ভাবমূর্তিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
করোনাকালে সিএমপির যেসব কর্মকর্তা-সদস্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চসিক প্রশাসক বলেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়াত এই সম্মুখযোদ্ধারা জাতীয় বীরের মর্যাদাপ্রাপ্ত। সিএমপি কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত খোরশেদ আলম সুজনের ভূমিকা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
