করোনাকালে লকডাউনে বসে আত্মজীবনী লিখেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আনফিনিশড’ নামে প্রকাশ হয় বলিউড অভিনেত্রীর এ বই।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, প্রিয়াঙ্কার স্মৃতিকথা ‘আনফিনিশড’ প্রকাশিত হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে বেস্টসেলার বইয়ের তকমা পেয়েছে।
বেশ কিছুদিন আগেই বরফি অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আত্মকথা বা স্মৃতিকথা লেখার জন্যে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী নন তিনি। এ জন্য শুরু করে দিয়েছিলেন লেখালিখির কাজ।
করোনাভাইরাসের কালবেলায় লকডাউনের বাড়তি সময় হয়তো এই লেখার কাজকে আরও তরান্বিতও করেছে। সেই বই পরে বাজারে আসে।
যুক্তরাষ্ট্রে প্রিয়াঙ্কার এই আত্মজীবনী সারা ফেলেছে। টুইটারে এক পোস্টে তিনি লিখেন, ‘১২ ঘণ্টায় বইটিকে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আপনাদের বইটি ভালো লাগবে।’
২০১৮ সালে এই বই প্রকাশের কথা শেয়ার করেছিলেন বলিউডের দেশি গার্ল। বিশ্ব সুন্দরী খেতাব জেতা থেকে বলিউডে আসন পোক্ত করা, তারপর হলিউডে পাড়ি, বয়সে ছোট সঙ্গীত তারকা নিক জোনাসকে বিয়েসহ বড় বড় ঘটনা ঘটেছে প্রিয়াঙ্কার জীবনে। আনফিনিশড বইয়ে উঠে এসেছে সেসব ঘটনা।
কয়েকদিন আগেই মাত্র দুটি ছবি দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়াঙ্কা- একটি তার ছোটবেলার, অন্যটি ২০০০ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতার সেই ঐতিহাসিক মুহূর্তের। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন ‘আনফিনিশড’। এভাবেই তার বইয়ের টিজার প্রকাশ করেছিলেন নায়িকা।
পেঙ্গুইন র্যান্ডাম হাইজ ইন্ডিয়া থেকে প্রকাশিত এই আত্মজীবনীতে ব্যক্তিগত চিন্তাভাবনা, গল্প এবং নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেছেন ৩৮ বছর বয়সী প্রিয়াঙ্কা।
