কুতুপালং ক্যাম্পে সংঘর্ষে ২ রোহিঙ্গা নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০২:১০ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার সকাল ৬টার দিকের এ সংঘর্ষে দুজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় ক্যাম্পের ১৫টি ঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে।

নিহতরা হলেন কুতুপালং ক্যাম্প-২-এর (ওয়েস্ট) ডি-৫ ব্লকের মৃত সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ (৩৫) এবং ডি-২ ব্লকের মৃত ইউনুসের ছেলে শামসুল আলম (৪৫)। আহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হাফেজ সৈয়দ আলম, আনোয়ার হোসেন, ইমাম হোসেন, রাসেল, সেলিম ও সাদেক। তারা উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স  ও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

কুতুপালং শরণার্থী ক্যাম্পের নবী হোসেন ও মুন্না গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা। ক্যাম্পে ইয়াবা ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ, দ্বন্দ্ব ও সংঘাত চলে আসছিল বলে ক্যাম্প সূত্রে জানা গেছে। এর আগে ২ অক্টোবর রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় শরণার্থী ক্যাম্পের এক নারী নিহত হন এবং গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় মুন্না ও আনাস গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিক্ষিপ্তভাবে একের পর এক সংঘর্ষ চলে আসছিল।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারণ রোহিঙ্গারা বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে একধরনের অজানা আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সন্ত্রাসী গ্রুপ ক্যাম্পের ভেতর তাণ্ডব চালায়। আমরা শান্তি চাই।’ 

এদিকে সংঘর্ষের পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্প অভ্যন্তরে পুলিশ, আর্মড ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। উখিয়া থানার ওসি আহমেদ মঞ্জুর মোর্শেদ জানান, রোহিঙ্গা দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত ১৪ নম্বর এপিবিএনের ইন্সপেক্টর ইয়াছিন ফারুক বলেন, নিবন্ধিত ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের একটি গ্রুপের সঙ্গে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা জানান, সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় ক্যাম্পের বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত