চুয়াডাঙ্গায় কলেজছাত্র জুবাইর মাহমুদ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল রবিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডিত ব্যক্তিরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মুন্তাজ আলী ও পিতম্বরপুর গ্রামের হাসান।
মামলা সূত্রে জানা গেছে, সাভার বিপিএটিসি কলেজের বাণিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্র জুবাইর মাহমুদ ও চুয়াডাঙ্গার স্কুলছাত্রী পিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৯ সালের ১৩ এপ্রিল জুবাইর চুয়াডাঙ্গার আলোকদিয়া গ্রামে এলে তাকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আট আসামির নামে অভিযোগপত্র দেয়। মামলা চলাকালে নজির আহমদ ও হারুন অর রশিদ পলাশ নামে দুই আসামি মারা যায়।
