করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার সরকারের একটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিয়েছিলেন মুহিউদ্দিন। বৈঠকটিতে অংশ নেয়া এক মন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিশ্চিত করেন যে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে অংশ নেয়া ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহামাদ আল-বাকরি করোনা আক্রান্ত হয়েছেন।
ওই মন্ত্রীর সংস্পর্শে আসা সবাইকেই কোয়ারেন্টানে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মুহিউদ্দিন ইয়াসিন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ১৪ দিনের জন্য ঘরে কোয়ারেন্টাইনে থাকতে যাচ্ছি। এতে সরকারি কর্মকাণ্ড কোনো ধরনের বাধাগ্রস্ত হবে না।’
তিনি বলেন, ‘ঘর থেকে আমি দায়িত্ব পালন করে যাব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকগুলোতে অংশ নেব।’
এদিকে সোমবার মালয়েশিয়ায় নতুন করে আরও ৪৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১২ হাজার ৮১৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩৭ জন।
