রামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিকশাচালক গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৭:২৪ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের বৈরাগী বাড়ির রিকশাচালক বিল্লাল হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা-পুলিশ।

গ্রেপ্তার বিল্লাল হোসেন একই বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে। রবিবার দুপুরে রিকশাচালক বিল্লালের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে চণ্ডীপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের বৈরাগী বাড়ির রিকশাচালক বিল্লাল হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির মা স্থানীয় লোকজনকে জানালেও কোন প্রতিকার পায়নি।

রবিবার দুপুরে ঘরে কেউ না থাকার সুযোগে বিল্লাল হোসেন শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

দীর্ঘক্ষণ ঘরে ফিরে না আসায় শিশুটির মা তাকে খুঁজতে বের হয়ে বিল্লালের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ পেলে স্থানীয় লোকজনকে ডেকে আনে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে বিল্লাল হোসেন পালিয়ে চলে যায়।

রবিবার দিবাগত রাত ১২টায় শিশুটির মা বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাস ও এস আই ইভা সাহা একদল পুলিশ নিয়ে বিল্লালকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় হানা দেয়।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্পীনা রানি প্রামাণিকের সহযোগিতায় গভীর রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রায়পুর উপজেলার একটি গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইভা সাহা জানান, আমরা প্রাথমিক তদন্ত ঘটনার সত্যতা পেয়েছি। গ্রেপ্তার বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর জবানবন্দি নিয়ে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত