‘পরিকল্পনা মতো’ ব্যাটিং করতে পারার স্বস্তি ইমরুলের

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১০:৪৬ পিএম

নিজেদের মধ্যে খেলা প্রথম অনুশীলন ম্যাচটা ভালো যায়নি ইমরুল কায়েসের। তবে দ্বিতীয় অনুশীলন ম্যাচে রানে ফিরেছেন বাঁ-হাতি ব্যাটার। পেয়েছেন ফিফটি। ৫৯ রানের ইনিংসটি আরো বড় করার সুযোগ থাকলেও পারেননি। তবে ‘পরিকল্পনা মতো’ ব্যাটিং করতে পারার স্বস্তি আছে এই ব্যাটারের মনে।

স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি দুই দিনের অনুশীলন ম্যাচ খেলছে। শুক্র ও শনিবার ছিল প্রথম ম্যাচ। সোমবার শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মাত্র ৭ রানে আউট হওয়া ইমরুল এদিন ওটিস গিবসন একাদশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক।

ম্যাচ শেষে যিনি বলছিলেন, ‘প্রথম ম্যাচটিতে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে। অনেক দিন পর ম্যাচ ছিল। তারপরও কয়েকজন ভালো খেলেছে। আমি যদিও ভালো করতে পারিনি। এই ম্যাচে অনেক ফোকাস ছিল, পরিকল্পনা মতো ব্যাটিং করতে পেরেছি যেভাবে চেয়েছিলাম।’

করোনার কারণে দীর্ঘ সাড়ে ৬ মাস খেলার বাইরে ছিলেন ক্রিকেটাররা। এই প্রস্তুতি ম্যাচগুলোর মাধ্যমে ফের ম্যাচ অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা। তবে দীর্ঘ বিরতির পর ম্যাচে সেটির নেতিবাচক প্রভাব খুব বেশি পড়েনি বলে মনে করেন ইমরুল।

বিশেষ করে বোলারদের প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘সাধারণত যেটা হয়, এ রকম একটা বিরতির পরে প্রত্যেক ক্রিকেটার প্রথম দুইটা ম্যাচে একটু ক্যাজুয়াল বা নার্ভাস থাকে ব্যাটিং-বোলিংয়ে। কিন্তু আমার মনে হয় সবাই নিজের কাজটা যথাযথভাবে করেছে এই বিরতিতে। বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বোলার শতভাগ অ্যাফোর্ট ও ছন্দে বোলিং করেছে। মনেই হয়নি যে তারা ক্রিকেটের বাইরে ছিল।’

এখন পর্যন্ত ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের পারফরম্যান্সই বেশি ভালো। ইমরুল এ জন্য কৃতিত্ব দিচ্ছেন বোলারদের, ‘প্রফেশনালি প্রত্যেকটা ক্রিকেটারই সিরিয়াস হয়েছে, যেটা আমদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা চেষ্টা করেছে উইকেটে থেকে রান করার। তবে সহজে রান করতে পারেনি। আসলে বোলাররা সহজে রান করতে দেয়নি। কষ্ট করেই রান করতে হয়েছে।’

আরো পড়ুন:

মাহমুদউল্লাহ-ইমরুলের ফিফটির সঙ্গে উজ্জ্বল তাসকিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত