পায়েলের যৌন হেনস্তার অভিযোগে মানহানি হয়েছে রিচার

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:২৮ পিএম

বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন রিচা চাড্ডা।

এর আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন পায়েল। তখন দাবি করেছিলেন হুমা কুরেশি, রিচা চাড্ডার মতো অভিনেত্রীরা এ পরিচালকের যৌন লালসার শিকার হয়েছিলেন। কিন্তু এ প্রসঙ্গে নিজের নাম জড়ানো মানতে পারছেন না ‘ফুকরে’ অভিনেত্রী।

এ দিন আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারক এ কে মেনন অভিনেত্রীর অভিযোগ শোনেন। রিচার আইনজীবী সাবিনা বেদি সচার সম্মানহানি করায় পায়েলের কাছে ১.১ কোটি রুপি জরিমানা দাবি করেন। তবে পায়েলের দিক থেকে কেউ উপস্থিত ছিলেন না।  বুধবার ফের এই মামলার শুনানি হবে। অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ  পেশ করার নির্দেশ দেয় আদালত।

রিচার অভিযোগ অনুরাগকে জড়িয়ে তার নামে যা প্রচার করা হয়েছে তা শুধু ভিত্তিহীন ও মিথ্যাই নয়, তার এত বছরের পরিশ্রমে তৈরি খ্যাতি ও ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আদালতকে জানান, পায়েলের মন্তব্যের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। অপমান ও অবমাননার মুখোমুখি হতে হয় অভিনেত্রী। আশঙ্কা প্রকাশ করে রিচা বলেন, পায়েলের এই কার্যকলাপ না থামলে আরও বড় ক্ষতি হতে পারে।

রিচার দাবি, অভিনেত্রী পায়েল ঘোষ ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে শেয়ার করা বিতর্কিত ভিডিও, সাক্ষাৎকার, টুইট যেন তুলে নেন।

এ ছাড়া এবিএন তেলুগু টিভি নামের একটি চ্যানেল ও অভিনেতা কামাল আর খানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন। এবিএন তেলুগুর ইউটিউব চ্যানেলে পায়েল ঘোষের সাক্ষাৎকারের সঙ্গে দুটি গ্রাফিক ভিডিও দেখানো হয়। সেখানে পরিচালক অনুরাগ কাশ্যপ কীভাবে যৌন হেনস্তা করেছিলেন সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হয়। অন্যদিকে কামাল সেই ভিডিও একটির লিংক টুইটারে শেয়ার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত