দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ২৬টি চা-বাগানে একযোগে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।
এ সময় চা-শ্রমিকরা বলেন, বর্তমানে ১০২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধ না করলে পূজা উদযাপন করা অসম্ভব। এ সময় শ্রমিকরা তাদের ৩০০ টাকা মজুরির দাবি জানান।
