ক্যারিবীয় অঞ্চলে সৃষ্ট মৌসুমি ঘূর্ণিঝড় হারিকেন ‘ডেল্টা’য় রূপ নিয়ে মেক্সিকোয় আঘাত হেনে ছুটে চলছে যুক্তরাষ্ট্র অভিমুখে। বৃহস্পতিবার ভোর নাগাদ হারিকেনটি যুক্তরাষ্ট্রের অভিমুখে ছিল বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
হারিকেনের মাত্রা মাপার স্কেলে ‘ক্যাটাগরি ২’ পর্যায়ের শক্তি ধারণ করে বুধবার দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানে। এতে অনেক গাছপালা ভেঙে গেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হারিকেনে বিপর্যস্ত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যটকেরা অভিযোগ করেছেন, করোনা মহামারির মধ্যেও আশ্রয় কেন্দ্রগুলো মানুষে ঠাসা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টার পূর্বাভাসে জানিয়েছে, হারিকেন ডেল্টার কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ১০০ মাইল। সেটি তখন লুইজিয়ানা থেকে ৪৮৫ মাইল দূরে অবস্থান করছিল।
এক মাসের ব্যবধানে দুটি মৌসুমি হারিকেনের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টের শেষ দিকে হারিকেন লরার কবলে পড়ে টেক্সাস ও লুইজিয়ানা।
