কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তমিজ উদ্দিন (৯০) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তমিজ উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৬নং আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামের বাসিন্দা। ওই ইউনিয়নের বারো বার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন তিনি।
স্থানীয় কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস জানান, গত সোমবার সকালে চিকিৎসার জন্য সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তার ছেলের সাথে মিরপুর হাসপাতালে যান। সেখান থেকে দুপুরে ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাজী আরেফ আহম্মেদ সড়কের ধারে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। এতে তমিজ উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত তমিজ উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবারো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করে ওই পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস।
