মেঘনা উপজেলা

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৪৩ পিএম

স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে মেঘনা নদী থেকে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে কুমিল্লার মেঘনা উপজেলায় গতকাল শুক্রবার মানববন্ধন হয়েছে।

বিকেল ৩টায় উপজেলার রামপ্রসাদেরচর এলাকায় মানববন্ধনে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুজ্জামান সালাম, চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন ভান্ডারী প্রমুখ।

বক্তারা বলেন, মেঘনা নদীর চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর, নলচর, ফরাজিকান্দি, সোনাকান্দা এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। দুই মাস ধরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হলেও প্রভাবশালী বালুদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি। অব্যাহত বালু উত্তোলনে ওই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে দিনযাপন করছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় এ ব্যাপারে বলেন, এখানে দুটি বৈধ বালুমহাল রয়েছে। যার কারণে বালু কাটা বন্ধ করা সম্ভব নয়। এর আগে পেরিফেরি এলাকা ক্রস করায় মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকজনকে জেল জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত