মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে (১৫) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার ভোরে অভিযুক্ত অভিযোগের আসামি শাহিন মোল্লা (২২) কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে রং মিস্ত্রি শাহিন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছে। এর সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসেন রং মিস্ত্রি শাহিন মোল্লা। এ সময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শাহিন মোল্লা। পরে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শাহিন মোল্লা পালিয়ে যায়। এ ধর্ষণের ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি শাহিন মোল্লাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী কিশোরীর মা মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে শাহিন জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল ওহাব জানান, ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা জেনেছি, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। মামলার ভিত্তিতে নির্যাতিতা কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে ও গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
