পিরোজপুরের নাজিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল ব্রিজের ঢালের বুইচাকাঠী টেম্পো স্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের অন্তত ২১ নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষে আহত উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম প্রিয়াঙ্কা বলেন, শনিবার দুপুরে শ্রীরামকাঠী বন্দরের সোনালী ব্যাংকের সামনের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিঠুর কয়েকজন আমার ওপর হামলা করে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মিঠু।
উপজেলা যুবলীগ সহসভাপতি ফারুক হাওলাদার বলেন, সকালে নাজিরপুর থেকে শ্রীরামকাঠী যাওয়ার পথে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে ৩০-৪০ জন আমাদের ওপর হামলা করে। এ সময় তারা আমাদের ১১টি ও পথচারীর ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে।
তরিকুল হামলার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি ইউনিয়ন যুবলীগ সভাপতি মিঠুর নেতৃত্বে ছাত্রলীগ নেতা স্মরণ শিকদার ও কলারদোয়ানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হোসেনকে মারধর করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
