৩ মাসে নৌ দুর্ঘটনায় নিহত ১৪৯, আহত ৮৪: জরিপ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১০:৩৪ পিএম

চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে মোট ৯৫টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। নিহতদের তালিকায় নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ২২ ও ৪৪।

শনিবার বেসরকারি সংগঠন গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির যৌথ জরিপে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

জিসিবির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, লঞ্চ দুর্ঘটনা সহনীয় মাত্রায় নেমে আসলেও বছরজুড়ে সারা দেশেই বিচ্ছিন্নভাবে যাত্রী ও পণ্যবাহী নৌযান দুর্ঘটনা ঘটছে। এতে লঞ্চের মতো একসঙ্গে অনেক যাত্রী মারা না গেলেও প্রায় প্রতিটি ঘটনায়ই এক বা একাধিক প্রাণহানি ঘটছে।

জাতীয় কমিটির সভাপতি হাজী মো. শহীদ মিয়া বলেন, নৌ সেক্টরের উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। যেমন নৌ পরিবহন অধিদপ্তরে পরীক্ষায় নানা অনিয়মের কারণে দক্ষ চালক (মাস্টার ও ড্রাইভার) তৈরি হচ্ছে না। নৌযানের ফিটনেস পরীক্ষা ও বে-ক্রসিংয়ের অনুমতি প্রদানও সঠিকভাবে হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত