ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনসহ নিজের করা ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে অনশনে বসা ঢাবি ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার রাতে ওই ছাত্রীর সহপাঠীরা জানান, তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তারা জানান, ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে ছিলেন তারা। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ মামলার বাদী ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ব্লাড টেস্ট ও ইসিজিসহ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) অবজারভেশনে রাখা হয়েছে। তার পরীক্ষা–নিরীক্ষা চলছে।
গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তখনকার আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন ওই ছাত্রী।
এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর বাদী কোতয়ালী থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।
