বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্র্তৃপক্ষ আইন ভঙ্গ করে ড. মোর্শেদ হাসান খানকে চাকরিচ্যুত করেছে। সরকার ভিন্নমতকে সহ্য করতে পারে না। তাদের দলীয় লোকেরা অন্যায় করলেও পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে ভিন্নমতের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান এ্যাপোলোকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘কারও দয়ায় সরকার ক্ষমতায় নেই’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘ঠিকই বলেছেন ওবায়দুল কাদের। কারণ তারা জনগণের দয়ায় নেই। কেননা জনগণ তো তাদের দয়া করেননি। তারা অন্য কোনো দেশের দয়ায় ক্ষমতায় আছেন। আজকে সাড়ে ১২ বছরে সারা দেশে জনপদের পর জনপদ খুন, গুম, ধর্ষণ আর মানুষের আহাজারি। তারা ধর্ষণের উন্নয়ন ঘটিয়েছেন। মাদকের উন্নয়ন ঘটিয়েছেন।’ রিজভী আরও বলেন, ‘মাদক তো মন্ত্রিসভা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন-ট্রাম্প নাকি আমাদের মতো সেবা পাচ্ছে! এটা হয় মাদকের প্রভাব নয়তো গঞ্জিকার প্রভাব। অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী। অকাট মূর্খ লোক।’
