পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ২১ জনের সাজা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৪৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ জামায়াত-শিবিরের ২১ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

রায়ে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেক আসামিকে প্যানেল কোডের ১৪৩ ধারায় তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ২১ আসামির মধ্যে শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজী আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া, ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন জেলা জামায়াতের সাবেক আমির এবং মামলার প্রধান আসামি নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমির সৈয়দ গোলাম সারোয়ার, কাজী ইয়াকুব আলী, হেলাল উদ্দিন ভূঁইয়া, গোলাম ফারুক, রুস্তম আলী, নিপু, ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল করিম রানা, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম হুমায়ুন, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইকবাল ও বিল্লাল আহমেদ।

জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের খাবার বহনকারী গাড়িতে আগুন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত