আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৯তম জন্মবার্ষিকী উদ্যাপন

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৪৭ এএম

বাংলা সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমিতে একক বক্তৃতানুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে একক বক্তব্যে অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেছেন, আবদুল করিম সাহিত্যবিশারদের আগ্রহ ও সন্ধিৎসা কেবল পুঁথির জগতেই সীমাবদ্ধ ছিল না। তার বিচিত্রমুখী অনুরাগ ও কৌতূহল প্রসারিত হয়েছে ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, সাহিত্য-সমালোচনা, রাজনীতি, এমনকি আধুনিক সাহিত্যের প্রতিও।

গতকাল রবিবার বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাহিত্যবিশারদ : পুঁথিপ্রেমিকের লোকসংস্কৃতি সন্ধান শীর্ষক বক্তৃতা দেন গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। তিনি বলেন, ঐতিহ্য-অন্বেষার সূত্রেই তার লোকসংস্কৃতিচর্চার সূচনা। একদিকে তিনি ছিলেন ফোকলোর-উপকরণের নিষ্ঠ সংগ্রাহক, অপরপক্ষে এই বিষয়ের প্রাজ্ঞ আলোচক। অজ্ঞাত-লুপ্ত ঐতিহ্য-উপাদানের সন্ধান, জন্মভূমির মহিমা-প্রচার ও স্বদেশ-আবিষ্কারের চেতনা থেকেই সাহিত্যবিশারদ ফোকলোরচর্চার ব্রতী হন। তাই বলা চলে, তার পুঁথি-সংগ্রহ ও আলোচনার পরিপূরক কাজ ছিল এই লোকসংস্কৃতি-চর্চা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

স্বাগত বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা একাডেমি মহান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাডেমির মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন’। সাহিত্যবিশারদের রচনাবলি, অভিভাষণসমগ্র, জীবনী ও নিবেদিত প্রবন্ধ সংকলন প্রকাশের মাধ্যমে একাডেমি বাংলা সাহিত্যে তার অবদানকে স্মরণ করেছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। ২০২১ সালে আবদুল করিম সাহিত্যবিশারদের জন্মের সার্ধশতবর্ষকে কেন্দ্র করে তার জীবন ও কৃতি বিষয়ে আরও গুরুত্বপূর্ণ গবেষণাকর্ম সম্পন্ন হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন এক অসাধারণ বঙ্গীয় মনীষা। বাঙালি মুসলমানের মাতৃভাষা বিতর্কের আদিপর্বে বাংলার পক্ষে অবস্থান নিয়ে তিনি আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। পাশাপাশি বাঙালির আত্মসত্তা বিকাশের পূর্ণ পরিচয় ধারণ করেছে সাহিত্যবিশারদের পুঁথিসাধনা, লোকসংস্কৃতিচর্চা এবং তার সামগ্রিক জীবনসংগ্রাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত