ট্রাম্পের জন্য উপবাস করে প্রাণ গেল সেই তরুণের

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৫৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়ে পূজা করে শিরোনাম হয়েছিলেন বুসসা কৃষ্ণ রাজু নামে এক ভারতীয় তরুণ। সেই ট্রাম্পের জন্য উপবাস করতে গিয়ে মারা গেলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, ট্রাম্প করোনায় আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তেলেঙ্গানার বাসিন্দা রাজু।

মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনায় উপবাস করেছিলেন ট্রাম্প প্রেমী এ তরুণ। টানা চার দিনের উপবাসের একপর্যায়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজুর।

তার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘রাজু গত বছরই ট্রাম্পের ছয় ফুট মূর্তি বানিয়েছিল বাড়িতে। নিয়মিত পূজা করত। ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিল। তারপর থেকেই বহু বিনিদ্র রাত্রি কাটিয়েছে ও। উপবাস করে মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা করছিল গত তিন-চার দিন ধরে। রবিবার দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওর মৃত্যু হয়েছে।’’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত সফরের সময় শিরোনামে আসেন রাজু। সংবাদমাধ্যমকে তিনি তার ট্রাম্প-ভক্তির কথা জানানোর সময় বলেছিলেন, ‘আমি চাই ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সব সময় মজবুত থাকুক। প্রতি শুক্রবার আমি ট্রাম্পের দীর্ঘ জীবন কামনা করে উপোস করি।’

তিনি আরও বলেন, ‘কোনও কাজ করতে যাওয়ার সময়ে আমার কাছে তার ছবি থাকে। আমি তার কাছে প্রার্থনা জানিয়ে কাজ শুরু করি।’

ট্রাম্পের জন্য এমন পাগলামির কারণে গ্রামের মানুষের কাছে বুসা ট্রাম্প নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। শুধু তাই নয়, বুসার বাড়ির নামও হয়ে পড়ে ট্রাম্প হাউস ।

গত ৮ অক্টোবর ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। তিন হাসপাতালে থাকার পর হোয়াইট হাউসে ফিরে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘আমি ভালো আছি। দারুণ লাগছে।’

এর মধ্যে রবিবার ট্রাম্প নিজেকে করোনামুক্ত দাবি করেন। যদিও চিকিৎসকেরা তাকে এখনো ভাইরাসমুক্ত ঘোষণা করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত