বিচার বিভাগ নিয়ে কটূক্তি

উচ্চ আদালতে তিন মাস নিষিদ্ধ আইনজীবী ইউনুছ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০১:৩২ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করায় আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় তিন মাস বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড, তা অনাদায়ে ১৫ দিনের কারাভোগের রায় দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির ভার্চুয়াল আপিল বিভাগ গতকাল সোমবার সর্বসম্মতিক্রমে এ রায় দেয়। ইউনুছ আলী আকন্দকে দোষী সাব্যস্ত করে রায়ে বলা হয়, আগামী তিন মাস সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা পরিচালনা থেকে তাকে বিরত থাকতে বলা হচ্ছে।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সম্প্রতি ফেইসবুকে বিচার বিভাগ নিয়ে নেতিবাচক পোস্ট দেওয়ার পর গত ২৭ সেপ্টেম্বর আপিল বিভাগের কার্যক্রম চলাকালীন বিষয়টি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (গত রবিবার পদত্যাগ করেছেন) মুরাদ রেজা। গুরুতর আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। এরপর এক আদেশে ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আইন পেশা থেকে দুই সপ্তাহের জন্য বিরত থাকার পাশাপাশি তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করে আপিল বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে গত রবিবার আপিল বিভাগের ১ নম্বর আদালতে হাজির হয়ে ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করে লিখিত ও মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের কর্মকা- করবেন না বলে প্রতিশ্রুতি দেন ইউনুছ আলী আকন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত