আমাজন থেকে শার্ট কিনতে গিয়ে লাখ টাকা খোয়া!

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১০:২৭ পিএম

করোনাকালে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ততা বেড়েছে মানুষের। এতে অনলাইন জালিয়াতের খপ্পরেও পড়েছেন অনেকে।

ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুরের এক বাসিন্দা ৬০০ রুপির একটি শার্ট কিনতে গিয়ে হারিয়েছেন প্রায় লাখ রুপি।

সংবাদ প্রতিদিন জানায়, খড়গপুরের ওই বাসিন্দার নাম দীপঙ্কর চৌধুরী। সম্প্রতি জনপ্রিয় অনলাইন শপিং আমাজনের মাধ্যমে একটি শার্ট অর্ডার করেন তিনি।

কিন্তু শার্টটি হাতে পাওয়ার পর তার পছন্দ হয়নি। সেই কারণে সেটি ফেরত দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমেই আবেদন করেন তিনি। জানা যায়, এরপর আমাজনের এক ডেলিভারি বয় যান দীপঙ্করের বাড়িতে। কিন্তু দামের ট্যাগ না থাকায় শার্টটি ফেরত না নিয়েই চলে যান সেই ডেলিভারি বয়।

তবে তিনি পরামর্শ দেন কাস্টমার কেয়ারে অভিযোগ জানানোর। এর ঠিক মিনিট বিশেক পর কাস্টমার কেয়ার থেকে একটি ফোন যায় দীপঙ্করের কাছে। কিন্তু প্রথমবারে ফোনটি তিনি ধরতে পারেননি।

কয়েক মিনিট পর আবার ফোন গেলে তা ধরেন দীপঙ্করের মেয়ে। এরপরই চরমভাবে প্রতারিত হন তারা। দুই দফায় প্রায় এক লাখ রুপি মুহূর্তে উধাও হয়ে যায় দীপঙ্করের অ্যাকাউন্ট থেকে। মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের।

কিন্তু কীভাবে কাটল টাকা? জানা যায়, কাস্টমার কেয়ার থেকে ফোন করে দীপঙ্করের মেয়ের থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ও আইডি নম্বর জেনে নিয়ে একটি অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছিল। সেটি ডাউনলোড করতেই ঘটে বিপত্তি।

ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ করেছেন দীপঙ্কর। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে ওই অনলাইন শপিং সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত