১৪ মাস পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১১:২৮ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অবশেষে ১৪ মাস পর মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার রাতে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আটকাবস্থা থেকে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানান কেন্দ্র শাসিত অঞ্চলটির মুখপাত্র রোহিত কানসাল। এর আগে, ভারতের সুপ্রিম কোর্ট সাবেক এই মুখ্যমন্ত্রীর আটক থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল।

গত বছর ৫ অগস্ট ৩৭০ ধারা অবলুপ্তির সময় আটক করা হয় রাজ্যের প্রায় সব বড় নেতাদের। এরপর ধাপে ধাপে ফারুক ও ওমর আবদুল্লাসহ সব বড় নেতাদের ছেড়ে দেয় প্রশাসন। শুধু বাকি ছিলেন মেহবুবা মুফতি।

মেহবুবা মুফতির মুক্তির আবেদন করে সুপ্রিম কোর্টে যান তার মেয়ে ইলতিজা। সেই মামলা চলাকালেই মেহবুবাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

টুইটারে মেহবুবা মুফতির অ্যাকাউন্ট থেকে তার মেয়ে ইলতিজা বলেন যে সবার সাহায্য নিয়ে অবশেষে এই কঠিন সময় শেষ হল। এতদিন মেহবুবার অ্যাকাউন্ট থেকে টুইট করছিলেন ইলতিজা। এখনকার মতো এটাই তার শেষ টুইট এই অ্যাকাউন্ট থেকে জানান ইলতিজা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত