রাজধানীর কাফরুলে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় মহির উদ্দিনকে (৫১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে কাফরুল থানায় শিশুটির পরিবার মামলা দায়ের করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।
কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) মো. আ. জলিল জানান, ইব্রাহিমপুরের একই বাসায় পাশাপাশি দুটি রুমে ভাড়া থাকেন মহির উদ্দিন নামে ওই রাজমিস্ত্রি ও শিশুটির পরিবার।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহির উদ্দিন শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে তার রুমে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করে সে। রাতে শিশুটির পরিবার বিষয়টি বুঝতে পেরে থানায় এসে অভিযোগ দেয়। এরপর আজ বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে পরিবার। এর পরপরই অভিযুক্ত মহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মহির উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। আর শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছিল। তবে শিশুটি সেখানে কান্নাকাটি করায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
