ঝালকাঠিতে আইরিন আক্তার কবিতা (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কবিতার লাশ উদ্ধার করে পুলিশ।
কবিতা উপজেলার হাইলাকাঠি গ্রামের ইউনুস ভূঁইয়ার মেয়ে ও একই গ্রামের মিরাজ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় করা মামলায় পুলিশ কবিতার স্বামীকে গ্রেপ্তার করেছে। মিরাজ পেশায় শ্রমিক।
ওই গৃহবধূর শাশুড়ি জাহানুর বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর মিরাজ ও কবিতা তাদের ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মিরাজ বাইরে চলে যায়। পরে কবিতার দেবর হৃদয় এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্বামী মিরাজসহ পরিবারের লোকজন এসে কবিতাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কবিতার বাবা ইউনুস ভূঁইয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকে প্রায়ই শ্বশুরবাড়ির লোকজন কবিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। কবিতার সঙ্গে ওর স্বামীর সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক কলহের কারণে তাকে স্বামী মিরাজ শ্বাসরোধে হত্যা করেছে।
