সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতিটি কার্য দিবসে বিভিন্ন মামলার যেসব আদেশ, রায় হচ্ছে কিংবা শুনানি কোন অবস্থায় রয়েছে এর সংক্ষিপ্ত ফলাফল প্রতিদিন দ্রুততম সময়ে অনলাইনে কার্য তালিকায় তুলে ধরতে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেছেন।
আইনজীবী ও মামলার বিভিন্ন পক্ষসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুততম সময়ের মধ্যে মামলার ফলাফল জানাতে এবং নথি ব্যবস্থাপনা হালনাগাদকরণের গতিশীলতা বাড়াতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের প্রতি কার্য দিবসের কার্য তালিকা নিয়মিতভাবে সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে প্রচারিত হয়ে থাকে। হাইকোর্ট বিভাগের আদালতসমূহে প্রতিটি মামলা শুনানি অন্তে আদালত কর্তৃক ঘোষিত সংক্ষিপ্ত ফলাফল অনলাইনে তাৎক্ষণিকভাবে দৈনিক কার্য তালিকায় এন্ট্রি প্রদান করা হলে বিজ্ঞ আইনজীবী, মামলার পক্ষগণসহ সংশ্লিষ্ট সকলেই দ্রুততম সময়ের মধ্যে মামলার ফলাফলের বিষয়ে অবগত হতে পারবেন এবং নথি ব্যবস্থাপনা হালনাগাদকরণে গতিশীলতা বৃদ্ধি পাবে।
